• রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন

ভারতের কোচ হিসেবে কত বেতন পাবেন গৌতম গম্ভীর?

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ১১ জুলাই, ২০২৪

রাহুল দ্রাবিড় দায়িত্ব ছাড়ার ঘোষণার পরপরই ভারতের নতুন কোচ হিসেবে উঠে আসে সাবেক ক্রিকেটার গৌতম গম্ভীরের নাম। নানা গুঞ্জনের পর অবশেষে বিশ্বচ্যাম্পিয়নদের কোচ হিসেবে দেখা যাবে তাকে। অবশ্য এখনও বেতনের ব্যাপারে বোর্ডের সঙ্গে কোনো চুক্তি হয়নি দ্রাবিড়ের উত্তরসূরি গৌতম গম্ভীরের।

তবে গম্ভীর নিজেই নাকি ঘনিষ্ঠ মহলে বলেছেন, বেতন আপাতত তার চিন্তা নয়। পছন্দ মতো সাপোর্ট স্টাফদের দলে নেওয়ার দিকেই আপাতত মনোযোগ দিচ্ছেন।

বিসিসিআইয়ের এক সূত্র সংবাদ সংস্থা পিটিআইকে বলেছেন, ‘গৌতমের কাছে কোচিংয়ের দায়িত্ব নেওয়াই আসল ছিল। বেতন বা বাকি কাজ তো আর পালিয়ে যাচ্ছে না। ২০১৪ সালে রবি শাস্ত্রীর ক্ষেত্রেও একই জিনিস হয়েছিল। দলে যোগ দেওয়ার সময়েও রবির সঙ্গে কোনো চুক্তি হয়নি। পরে সব ঠিক হয়। গৌতমের ক্ষেত্রেও খুঁটিনাটি ব্যাপারগুলো পরে ঠাণ্ডা মাথায় তৈরি করা হবে। বেতন হবে রাহুল দ্রাবিড়ের মতোই।’

জানা গেছে, গম্ভীরকে নিজের পছন্দ মতো সাপোর্ট স্টাফ বাছার অনুমতি দেওয়া হয়েছে। জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির (এনসিএ) সঙ্গেও যোগাযোগ রেখে চলবেন তিনি। গম্ভীর নিজেও সে কথা কোচ হওয়ার পরেই বলেছিলেন। এনসিএর কোচ এবং আগামী দিনের প্রতিভাবান ক্রিকেটারদের তালিকা চাওয়া হতে পারে।

শোনা যাচ্ছে, কেকেআরের অভিষেক নায়ারকে সহকারী কোচ করা হতে পারে। তাকে গম্ভীর তো বটেই, রোহিত শর্মাও পছন্দ করেন। বোলিং কোচ হিসেবে দেখা যেতে পারে জহির খান বা লক্ষ্মীপতি বালাজিকে। তবে গম্ভীরের পছন্দ বিনয় কুমার। ফিল্ডিং কোচ হিসেবে জন্টি রোডসের নাম ভাসছে। তবে দেশীয় কোচ নেওয়ার ব্যাপারে জোর দেওয়া হতে পারে।

শ্রীলঙ্কা সফর থেকে দায়িত্ব নেবেন গম্ভীর। তবে তার কাছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হতে চলেছে বছরের শেষদিকে অস্ট্রেলিয়া সফর। এবার সেই সিরিজে পাঁচটি টেস্ট হবে। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিও রয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০