• সোমবার, ০৪ মে ২০২৬, ০৭:৫৫ অপরাহ্ন

মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি তালিকাভুক্ত করতে বিশেষ গুরুত্ব দিচ্ছে বিএসইসি

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: মঙ্গলবার, ২২ অক্টোবর, ২০২৪

দেশের পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি এবং গ্রুপকে তালিকাভুক্তকরণে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে বলে জানিয়েছেন সংস্থাটির চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। সোমবার (২১ অক্টোবর) চট্টগ্রামের র‌্যাডিসন ব্লু হোটেলে চট্টগ্রামভিত্তিক বড় শিল্প গোষ্ঠীদের সঙ্গে আয়োজিত বৈঠকে তিনি এ কথা বলেন।

সভায় বিএসইসি কমিশনার মোহসিন চৌধুরী, আলী আকবর, ফারজানা লালারুখ এবং বিএসইসির কর্মকার্তাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান, বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী, প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীরসহ অন্যান্য স্থানীয় উদ্যোক্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

বৈঠকে চট্টগ্রামের স্থানীয় বৃহৎ শিল্পগোষ্ঠীর অধীনে থাকা শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে পুঁজিবাজারে তালিকাভুক্তির বিষয়ে আলোচনা করা হয়। এ সময় পুঁজিবাজারে তালিকাভুক্তির প্রক্রিয়ার বিভিন্ন বিষয়, তালিকাভুক্তির পথে বিদ্যমান প্রতিবন্ধকতা ও জটিলতা, ব্যাংকের পরিবর্তে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদী অর্থায়ন ও মূলধন সংগ্রহ, তালিকাভুক্তির মাধ্যমে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোর ব্যবসা সম্প্রসারণ ইত্যাদি বিভিন্ন বিষয়ে বিস্তারিত আলোচনা হয়।

অনুষ্ঠানে বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ বলেন, বিশ্বজুড়ে পুঁজিবাজার দেশের অর্থনীতির মূল প্রবৃদ্ধির চালিকাশক্তি হিসেবে কাজ করে। বাংলাদেশের বিভিন্ন খাতের গুরত্বপূর্ণ শক্তিশালী মৌলভিত্তিসম্পন্ন কোম্পানিগুলোকে দেশের পুঁজিবাজারে তালিকাভুক্তির মাধ্যমে দেশের পুঁজিবাজারকে অধিকতর সমৃদ্ধ ও শক্তিশালী করা এবং দেশের শিল্পায়ন ও টেকসই উন্নয়নকে আরো বেশি গতিশীল করা সম্ভব।

তিনি বলেন, দীর্ঘকাল ধরে এসব কোম্পানি যেভাবে সাফল্য ও সুনামের সাথে দেশে ব্যবসা করে চলেছে এবং দেশের অর্থনীতিতে অবদান রেখে চলেছে। দেশের পুঁজিবাজারেও তাদের অংশগ্রহণ একান্ত কাম্য।

বিএসইসি চেয়ারম্যান জানান, দেশের পুঁজিবাজারে ভালো মৌলভিত্তিসম্পন্ন কোম্পানি এবং গ্রুপকে তালিকাভুক্ত করতে বিএসইসি বিশেষ গুরুত্ব দিয়ে কাজ করছে। এক্ষেত্রে বিএসইসি সম্ভাব্য সকল ধরণের সহায়তা প্রদানে প্রস্তুত।

বৈঠকে পিএইচপি গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সুফি মুহাম্মদ মিজানুর রহমান বলেন, সততা, নিষ্ঠা ও বিশ্বস্ততার সাথে আইন মেনে নিয়মমাফিক ব্যবসা পরিচালনার মাধ্যমে বেসরকারি খাতের দ্বারাও সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখা যায় এবং সুনামের সাথে এই কাজটিই পিএইচপি গ্রুপ দীর্ঘদীন ধরে করে আসছে।

বিএসআরএম গ্রুপ অফ কোম্পানিজের চেয়ারম্যান আলী হোসাইন আকবর আলী বলেন, পুঁজিবাজারে তালিকাভুক্তি কোম্পানিগুলোর স্বচ্ছতা বাড়ায় এবং সুশাসন নিশ্চিত করে। তিনি তালিকাভুক্ত কোম্পানির উদ্যোক্তাদের শেয়ার ডি-ম্যাট ফরমে রাখার ক্ষেত্রে যেকোনো ধরনের অনিয়ম রোধে সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার আনার ওপর গুরুত্বারোপ করেন।

প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর বৈঠকে বলেন, দেশে তৈরি পোশাক খাতের কোম্পানিগুলোর ব্যবসা পরিচালনায় বিরাট অঙ্কের চলতি মূলধনের প্রয়োজন হয়। সেক্ষেত্রে বিদ্যমান পুঁজিবাজার হতে মূলধন সংগ্রহের ক্ষেত্রে বিদ্যমান বিধিমালার অধীনে পুঁজির ব্যবহার নিয়ে কিছু জটিলতা রয়েছে। এর সংস্কার হলে তৈরি পোশাক খাতের কোম্পানিসমূহের জন্য পুঁজিবাজার হতে অর্থায়নের সুযোগ সৃষ্টির পাশাপাশি এই খাতের জন্য সুফল বয়ে আনবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১