বিএনপির স্থায়ী কমিটির সিনিয়র সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, বিএনপি ও জনগণের পক্ষ থেকে আমরা উচ্চ আদালতকে ধন্যবাদ জানাই। এই রায়ের মাধ্যমে জনগণের মতামত প্রতিফলিত হয়েছে। জনগণ এই তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচনে অংশ নিয়ে তিনবার প্রমাণ করেছে তারা ভোটের মাধ্যমে সরকার পরিবর্তন করতে পারে।
আজ ১৭ ডিসেম্বর উচ্চ আদালতের রায়ের পর এক প্রতিক্রিয়ায় ইকনোমিবিডি’র সঙ্গে তিনি এসব কথা বলেন।
ড. খন্দকার মোশাররফ বলেন, আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা চালু করেছিলেন যাতে জনগণ সঠিকভাবে ভোটাধিকার প্রয়োগ করতে পারেন। আমরা গত ১৫ বছর সংবিধানে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন করেছি। ফলে উচ্চ আদালতের এ রায়ে আমরা (বিএনপি) খুশি, জনগণও খুশি। এ রায়ে জনগণ তাদের অধিকার ফিরে পাবেন, তারা দেশের অর্থনৈতিক মুক্তি ও সাবির্ক উন্নয়নে ভূমিকা রাখার সুযোগ পাবেন।