ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদি সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।
রাতে পৌনে ১০টার দিকে এ প্রতিবেদককে এ তথ্য নিশ্চিত করেছেন ইনকিলাব মঞ্চের কার্যনির্বাহী সদস্য মাসুদুর রহমান আদনান।
এদিকে, ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজও তার ইন্তেকালের বিষয়টি নিশ্চিত করেছে। আজ (১৮ ডিসেম্বর) রাতে ৯টা ৪৩ মিনিটে ইনকিলাব মঞ্চের অফিসিয়াল ফেসবুক পেজে বলা হয়, ‘ভারতীয় আধিপত্যবাদের মোকাবিলায় মহান বিপ্লবী ওসমান হাদিকে আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন।
গতকাল থেকেই অত্যন্ত সংকটাপন্ন ছিল হাদির শারীরিক অবস্থা। তার অস্ত্রোপচার জরুরি ছিল। পরিবারের পক্ষ থেকে অনুমতিও দেওয়া হয়েছিল। দুপুরে ওসমান হাদির ভেরিফায়েড ফেসবুক পেজে এডমিন পোস্টে এই তথ্য জানানো হয়েছে। ফেসবুক পোস্টে বলা হয়েছে, ওসমান হাদি এখন জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। পরিবারের পক্ষ থেকে সিঙ্গাপুরেই অপারেশন করবার অনুমতি দেওয়া হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আপনারা দোয়া করুন আল্লাহ যেনো তাকে হায়াতে তাইয়্যেবাহ নসীব করেন। আর ওসমান হাদি যদি রবের ডাকে সাড়া দিয়ে শহীদের কাতারে শামিল হয় সেক্ষেত্রে পুরো বাংলাদেশের স্বাধীনতাকামী মজলুম জনতাকে সার্বভৌমত্ব নিশ্চিতকরণে শাহবাগে জড়ো হওয়ার জন্য অনুরোধ করা হচ্ছে।
খুনিরা গ্রেপ্তার না হওয়া শাহবাগে অবস্থান করার ঘোষণা দেওয়া হয়। ওই পোস্টে পুরো বাংলাদেশকে অচল করে দেওয়া হুঁশিয়ারে দেওয়া হয়। এতে আরও বলা হয়, খুনি যদি ভারতে পালিয়ে যায় সেক্ষেত্রে ভারত সরকারের সাথে আলোচনা করে যেকোনো মূল্যে তাকে গ্রেপ্তারপূর্বক ফেরত আনতে হবে।
এর আগে বুধবার রাতেই প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে দেওয়া এক পোস্টে জানানো হয়, সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য প্রার্থী শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থা অত্যন্ত সংকটাপন্ন।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) দুপুর আড়াইটার দিকে পুরানা পল্টনের বক্স কালভার্ট রোডে ব্যাটারিচালিত রিকশায় থাকা অবস্থায় মোটরসাইকেল আরোহী দুর্বৃত্তদের গুলিতে মারাত্মকভাবে আহত হন শরিফ ওসমান হাদি। পরে তাকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়। পরবর্তী সময় উন্নত চিকিৎসার জন্য ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়। অবশেষে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাতে পৌনে ১০টার দিকে তার ইন্তেকালের খবর জানা গেল।