আমদানির সময় পরিশোধিত আয়কর এখন থেকে স্বয়ংক্রিয়ভাবে করদাতার ই-রিটার্নে যুক্ত হবে। এ লক্ষ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) ই-রিটার্ন সিস্টেমের সঙ্গে অ্যাসাইকুডা ওয়ার্ল্ডের কার্যকর সংযোগ সম্পন্ন করে তা চালু করা হয়েছে।
এনবিআরের জনসংযোগ কর্মকর্তা মো. আল আমিন শেখ জানান, রোববার (১৮ জানুয়ারি) থেকে নতুন এই ব্যবস্থা কার্যকর হওয়ায় আমদানিকারকদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটবে। এর ফলে আমদানি পর্যায়ে পরিশোধিত অগ্রিম আয়করের ক্রেডিট পেতে আর আলাদা কোনো প্রক্রিয়ায় যেতে হবে না এবং ই-রিটার্ন দাখিল আরও সহজ হবে।
এনবিআর সূত্রে জানা গেছে, ই-রিটার্নে ব্যবসার আয় সংক্রান্ত তথ্য এন্ট্রি দেওয়ার সময় সংশ্লিষ্ট আয়বছরে প্রতিটি বিল অব এন্ট্রির বিপরীতে পরিশোধিত অগ্রিম আয়করের সব তথ্য স্বয়ংক্রিয়ভাবে সিস্টেমে প্রদর্শিত হবে। এই পরিশোধিত আয়কর মোট প্রদেয় কর থেকে সমন্বয় করে রিটার্নে চূড়ান্ত করযোগ্য অঙ্ক নির্ধারণ করা হবে।
এদিকে, এনবিআর জানায়, ২০২৫ সালের ৪ আগস্ট অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের মাধ্যমে ২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম উদ্বোধনের পর থেকে এখন পর্যন্ত ৪৬ লাখের বেশি করদাতা সিস্টেমে নিবন্ধন করেছেন। এর মধ্যে প্রায় ৩৩ লাখ করদাতা ইতোমধ্যে ই-রিটার্ন দাখিল সম্পন্ন করেছেন।
লক্ষণীয়ভাবে, যেসব করদাতার জন্য ই-রিটার্ন বাধ্যতামূলক নয়, তারাও স্বেচ্ছায় অনলাইনে রিটার্ন দাখিল করছেন। পাশাপাশি প্রবাসী বাংলাদেশি করদাতারাও এ সুবিধার আওতায় এসেছেন। এখন পর্যন্ত প্রায় ৪ হাজার প্রবাসী করদাতা ২০২৫-২৬ কর বছরের আয়কর রিটার্ন অনলাইনে দাখিল করেছেন।
এনবিআর আরও জানায়, ই-রিটার্ন দাখিলের ক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র বা দলিল আপলোড করার প্রয়োজন নেই। ঘরে বসেই যেন ব্যক্তি করদাতারা সহজে আয়কর পরিশোধ ও রিটার্ন দাখিল করতে পারেন, সে লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
জাতীয় রাজস্ব বোর্ড আগামী ৩১ জানুয়ারির মধ্যে অনলাইনে ই-রিটার্ন দাখিলের জন্য সব ব্যক্তি করদাতাকে আহ্বান জানিয়েছে।