নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) পরিচালনার দায়িত্ব বিদেশি প্রতিষ্ঠানের কাছে হস্তান্তরের সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক ও কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত অচল হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর।
শনিবার (৩১ জানুয়ারি) সকাল ৮টা থেকে শুরু হওয়া এই কর্মসূচিতে বন্দরের স্থায়ী কর্মকর্তা-কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা অংশ নেন। ফলে বন্দরের দৈনন্দিন কার্যক্রমে বড় ধরনের ব্যাঘাত সৃষ্টি হয়েছে।
বন্দর সংশ্লিষ্ট সূত্র জানায়, কর্মবিরতির কারণে কার্গো বার্থ, চিটাগাং কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনালের কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। তবে জাহাজের চলাচল ও নোঙরসংক্রান্ত কার্যক্রম এখনো স্বাভাবিক রয়েছে বলে দাবি করা হয়েছে।
চট্টগ্রাম বিভাগীয় জাতীয়তাবাদী শ্রমিক দলের কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুল আজিম জানান, সকাল থেকে বন্দরের শ্রমিক-কর্মচারীরা কাজ বন্ধ রেখেছেন। কোনো যন্ত্রপাতি চালু করা হয়নি। তিনি বলেন, বিকেল ৪টা পর্যন্ত কর্মবিরতি চলবে এবং একই দাবিতে রোববারও একই সময় কর্মসূচি পালন করা হবে।
এ বিষয়ে চট্টগ্রাম বন্দরের পরিচালক (প্রশাসন) মো. ওমর ফারুকের বক্তব্য জানতে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।
উল্লেখ্য, নিউমুরিং কনটেইনার টার্মিনাল সংযুক্ত আরব আমিরাতভিত্তিক প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে ইজারা দেওয়ার সিদ্ধান্তের প্রতিবাদে গত বৃহস্পতিবার দুই দিনের কর্মবিরতির ঘোষণা দেয় বন্দর জাতীয়তাবাদী শ্রমিক দল। এই কর্মসূচিতে শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদ (স্কপ) সমর্থন জানিয়েছে।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত বন্দরের বিভিন্ন স্থানে শ্রমিকদের বিক্ষোভ কর্মসূচি অব্যাহত রয়েছে। এর আগে বৃহস্পতিবার বন্দর ভবনের ভেতরে শ্রমিকরা বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন। ওই ঘটনার পর বন্দর কর্তৃপক্ষ এক অফিস আদেশে আন্দোলনে অংশ নেওয়া কর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেয়।