• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

‘কথায় নয়, কাজেই প্রমাণ দেব’: গভর্নর

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬

দেশের আর্থিক খাতে শৃঙ্খলা ও আস্থা ফিরিয়ে আনাই হবে প্রধান লক্ষ্য—এমন বার্তা দিয়ে দায়িত্ব নিলেন বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর মোস্তাকুর রহমান। দায়িত্ব গ্রহণের প্রথম দিনেই তিনি স্পষ্ট করে জানান, আপাতত বক্তব্য নয়, কাজের মাধ্যমেই নিজের সক্ষমতার প্রমাণ দিতে চান।

বৃহস্পতিবার বেলা ১১টার দিকে তিনি বাংলাদেশ ব্যাংক কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় ডেপুটি গভর্নর ও ঊর্ধ্বতন কর্মকর্তারা তাকে অভ্যর্থনা জানান। সাংবাদিকদের সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় নতুন গভর্নর বলেন, “কথায় নয়, কাজের মধ্য দিয়েই নিজের দক্ষতা ও যোগ্যতা প্রমাণ করতে চাই। আগে কাজ শুরু করি, তারপর কথা বলা যাবে।”

এর আগে আনুষ্ঠানিক যোগদানের প্রক্রিয়ার অংশ হিসেবে তিনি অর্থ মন্ত্রণালয়ে প্রয়োজনীয় কার্যক্রম সম্পন্ন করেন। বুধবার বিকেলে সরকার তাকে চার বছরের জন্য কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর হিসেবে নিয়োগ দেয়। তিনি বিদায়ী গভর্নর ড. আহসান এইচ মনসুর-এর স্থলাভিষিক্ত হলেন। রাষ্ট্রপতির আদেশে আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ প্রজ্ঞাপন জারি করে এ নিয়োগ দেয়। একই সঙ্গে সাবেক গভর্নরের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল করা হয়।

১৯৬৬ সালে ঢাকায় জন্ম নেওয়া মোস্তাকুর রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের হিসাববিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পাশাপাশি তিনি দ্য ইনস্টিটিউট অব কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিএমএবি) থেকে এফসিএমএ ডিগ্রি লাভ করেন।

তিনি পোশাক খাতের উদ্যোক্তা হিসেবেও পরিচিত। বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)-এর সদস্য মোস্তাকুর রহমান নারায়ণগঞ্জভিত্তিক প্রতিষ্ঠান হেরা সোয়েটার্স-এর ব্যবস্থাপনা পরিচালক। প্রতিষ্ঠানটি একটি পরিবেশবান্ধব কারখানা হিসেবে পরিচিত।

এছাড়া, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে গঠিত বিএনপির ৪১ সদস্যের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির ২৩তম সদস্য হিসেবেও তিনি দায়িত্ব পালন করেছেন।

নতুন গভর্নরের দায়িত্বগ্রহণকে কেন্দ্র করে দেশের ব্যাংকিং খাতে সংস্কার, তারল্য ব্যবস্থাপনা ও নীতি-সমন্বয়ে গতি আসবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট মহলের। এখন দেখার বিষয়, ‘কথা নয়, কাজ’—এই অঙ্গীকার বাস্তবায়নে তিনি কতটা দ্রুত ও কার্যকর পদক্ষেপ নিতে পারেন।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার