• বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন

আইসিসিবিতে চলছে ফুড এগ্রো মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় (আইসিসিবি) শুরু হয়েছে চার দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনী ফুড, এগ্রো, মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম এক্সপো- ২০২৬।

বৃহস্পতিবার (৭ মে) দুপুর ১২টায় আইসিসিবির ৪ নম্বর হলে এ এক্সপোর উদ্বোধন করা হয়। সেমস-গ্লোবালের আয়োজিত এই এক্সপো চলবে ৯ মে পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত চলবে এক্সপো।

এর মধ্যে বাংলাদেশের খাদ্য ও কৃষিজ যন্ত্রপাতি, খাদ্য ও পানীয় পণ্য এবং প্যাকেজিং সামগ্রীবিষয়ক শীর্ষস্থানীয় আন্তর্জাতিক প্রদর্শনী হিসেবে ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ ও ‘৬ষ্ঠ ফুড প্যাক এক্সপো ২০২৬’ আইসিসিবির গুলনকশা হল-১ এ অনুষ্ঠিত হচ্ছে। এছাড়া ‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ ও ‘৯ম পোল্ট্রি অ্যান্ড লাইভস্টক বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’ আইসিসিবির পুষ্পগুচ্ছ হল-২ এ অনুষ্ঠিত হচ্ছে।

খাদ্য, কৃষি ও প্লাস্টিক শিল্পের অত্যাধুনিক সরঞ্জাম, উন্নত প্রযুক্তি, পণ্য এবং পরিষেবা বিষয়ক এ প্রদর্শনীতে অংশ নিয়েছে ১৫ দেশ। এর মধ্যে বাংলাদেশ, ভারত, চীন, পাকিস্তান, শ্রীলংকা, দক্ষিণ কোরিয়া, ভিয়েতনাম, ব্রাজিল, থাইল্যান্ড, সুইজারল্যান্ড, জাপান, মালয়েশিয়া ও সংযুক্ত আরব আমিরাতের প্রায় ১০০ কোম্পানি ১৬০টিরও অধিক বুথ নিয়ে অংশগ্রহণ করেছে।

‘৯ম এগ্রো বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো ২০২৬’-এ উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে, আকিজ এগ্রো অ্যান্ড লাইভস্টক লিমিটেড, নাবিল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজ, এমএইচ ধানমন্ডি লিমিটেড, ট্রেড গ্লোবাল লিমিটেড, থাকরাল ইনফরমেশন সিস্টেমস প্রাইভেট লিমিটেড (ডিজেআই) প্রভৃতি। এছাড়া অংশ নিয়েছে বাংলাদেশে অবস্থিত ব্রাজিল দূতাবাস।

৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপোতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে নেসলে বাংলাদেশ পিএলসি, লে বুর্ন, শিলাইদহ ডেইরি আল্ট্রা, মধুমতি এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম, রুনচা, পুরো ফুডস লিমিটেড, প্যারাগন ইন্টারন্যাশনাল, হামদর্দ ল্যাবরেটরিজ (ওয়াকফ) বাংলাদেশ, কিভা হান প্রভৃতি। পাশাপাশি পাকিস্তান দূতাবাস, পাকিস্তানের ট্রেড ডেভেলপমেন্ট অথরিটির (টিডিএপি) প্রতিনিধিত্বে পাকিস্তান প্যাভিলিয়নে অংশগ্রহণ করছে।

এবারের ‘৯ম ফুড বাংলাদেশ ইন্টারন্যাশনাল এক্সপো’তে তৃতীয়বারের মতো ‘কফি ফেস্ট’ অনুষ্ঠিত হচ্ছে, যেখানে কফি বিন, কফি পণ্য ও যন্ত্রপাতি প্রদর্শন করা হচ্ছে।

একই সঙ্গে চিকিৎসা সরঞ্জাম, স্বাস্থ্যসেবা ও পর্যটন খাতের আন্তর্জাতিক প্রদর্শনী মেডিটেক্স ও হেলথ ট্যুরিজম ২০২৬ অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশের স্বাস্থ্যসেবা, চিকিৎসা সরঞ্জাম, অস্ত্রোপচার, ফার্মাসিউটিক্যাল ও ডায়াগনস্টিক যন্ত্রপাতি এবং হাসপাতালের সরঞ্জাম ও সরবরাহ খাতকে কেন্দ্র করে ‘১৭তম মেডিটেক্স বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’, ‘১০ম বাংলাদেশ ক্লিনিক্যাল ল্যাব এক্সপো ২০২৬’ এবং ‘১২তম ফার্মা বাংলাদেশ ২০২৬ ইন্টারন্যাশনাল এক্সপো’ আইসিসিবির নবরাত্রি হল-৪ এ অনুষ্ঠিত হচ্ছে। পাশাপাশি ‘৯ম ইন্টারন্যাশনাল হেলথ ট্যুরিজম অ্যান্ড সার্ভিসেস এক্সপো বাংলাদেশ ২০২৬’ রাজদর্শন হল-৩ এ আয়োজন করা হয়েছে।

এতে ভারত, পাকিস্তান, চীন, শ্রীলংকা, ইন্দোনেশিয়া, সংযুক্ত আরব আমিরাত, নেপাল, সিঙ্গাপুর, তুরস্ক, বাংলাদেশ, দক্ষিণ কোরিয়া, মরোক্কো, থাইল্যান্ড ও মালয়েশিয়াসহ ১৫টিরও অধিক দেশের ৯০টি কোম্পানি ও হাসপাতাল অংশগ্রহণ করেছে। প্রদর্শনীতে উল্লেখযোগ্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে সিএফসি এসআইবিএল রিপ্রোডাক্টিভ হেলথ ইনিশিয়েটিভ, হেলথকেয়ার ডায়াগনস্টিক সলিউশন, বিটিএল মেডিকেল ডিভাইস বাংলাদেশ লিমিটেড, মেডিপ্যাক টেকনোলজিস লিমিটেড, এলাইভ হেলথকেয়ার
প্রভৃতি।

উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সেমস-গ্লোবালের (ইউএসএ অ্যান্ড এশিয়া প্যাসিফিক) প্রেসিডেন্ট অ্যান্ড গ্রুপ ম্যানেজিং ডিরেক্টর মেহেরুন এন ইসলাম। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফিরোজ উদ্দিন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক ড. সালমা লাইজু, স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের যুগ্মসচিব মো. মহসীন, বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্মসচিব নারগিস মুরশিদা, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডার) ডিরেক্টর জেনারেল গাজী এ কে এম ফজলুল হক এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) নির্বাহী কমিটির সদস্য মির্জা সজীব রায়হান।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০৩১