• মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন

জ্বালানি মজুত বাড়াতে আরও প্রায় ৫ লাখ টন তেল কিনছে সরকার

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ৪ জুলাই, ২০২৬

দেশের জ্বালানি মজুত সক্ষমতা বৃদ্ধি এবং অভ্যন্তরীণ চাহিদা পূরণে আরও প্রায় পাঁচ লাখ মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করছে সরকার। আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে সিঙ্গাপুরভিত্তিক প্রতিষ্ঠান ইউনিপেক সিঙ্গাপুর পিটিই লিমিটেড এ জ্বালানি সরবরাহ করবে। এ জন্য সরকারের ব্যয় হবে ৭ হাজার ৬৭২ কোটি ৬৬ লাখ টাকা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ৯০ দিনের জ্বালানি মজুত সক্ষমতা নিশ্চিত করতে মোট ৪ লাখ ৮০ হাজার মেট্রিক টন জ্বালানি তেল আমদানি করা হবে। এর মধ্যে রয়েছে ৩ লাখ ৯০ হাজার মেট্রিক টন ডিজেল (গ্যাস অয়েল) এবং ৯০ হাজার মেট্রিক টন জেট ফুয়েল (উড়োজাহাজের জ্বালানি)।

জ্বালানি ও খনিজসম্পদ বিভাগ জানিয়েছে, বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) আন্তর্জাতিক উন্মুক্ত দরপত্রের মাধ্যমে এ জ্বালানি তেল কিনছে। সম্প্রতি বিপিসির এ-সংক্রান্ত প্রস্তাবে নীতিগত অনুমোদন দিয়েছে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি।

বিষয়টি নিশ্চিত করেন জ্বালানি ও খনিজসম্পদ বিভাগের যুগ্মসচিব মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, দেশের চাহিদার ভিত্তিতে সরকার সাধারণত প্রতি ছয় মাস পরপর ডিজেল ও জেট ফুয়েল আমদানি করে। জুন, জুলাই ও আগস্ট মাসের চাহিদা বিবেচনায় বিপিসি একটি প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠায়, যা পরে সরকারি ক্রয়-সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির অনুমোদন পায়।

তিনি জানান, প্রশাসনিক ছাড়পত্র ইতোমধ্যে বিপিসির কাছে পাঠানো হয়েছে। এখন পরবর্তী ধাপে বিপিসি সরবরাহকারী প্রতিষ্ঠানকে নোটিফিকেশন অব অ্যাওয়ার্ড (NOA) দেবে। এরপরই প্রতিষ্ঠানটি জ্বালানি তেল সরবরাহ শুরু করবে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১