দিনাজপুরের হিলিতে রসুনের দাম কমেছে। বাজারে সরবরাহ বাড়ায় মসলপণ্যটির দাম কমেছে বলে মনে করছেন ব্যবসায়ীরা। হিলি বাজার ঘুরে দেখা গেছে, এখানে এক সপ্তাহের ব্যবধানে রসুনের দাম কমেছে কেজিতে ৪০-৬০ টাকা। এক সপ্তাহ আগে প্রতি কেজি দেশী রসুনের দাম ছিল ২২০-২৬০ টাকা, যা বর্তমানে ১৮০-২০০ টাকায় বিক্রি হচ্ছে। অন্যদিকে আমদানীকৃত চায়না রসুন আগে ২৪০ টাকায় বিক্রি হয়েছে, যা বর্তমানে বিক্রি হচ্ছে ১৮০ টাকায়। এছাড়া হিলি বাজারের প্রতিটি দোকানে প্রয়োজনীয় রসুন রয়েছে।
এ বিষয়ে হিলি বাজারের একজন রসুন বিক্রেতা বলেন, ‘বর্তমানে বাজারে রসুনের সরবরাহ বেড়েছে। নাটোরসহ দেশের বিভিন্ন অঞ্চল থেকে দেশী নতুন রসুন আসতে শুরু করেছে। এছাড়া আমদানিকারকরা চীন থেকেও রসুন আমদানি শুরু করেছেন। এতে মোকামে চাহিদার তুলনায় পণ্যটির সরবরাহ বাড়ায় দাম কমতে শুরু করেছে। এ কারণে খুচরা বাজারেও মসলাপণ্যটির দাম নিম্নমুখী প্রবণতা ধরে রেখেছে।’
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর দিনাজপুরের সহকারী পরিচালক মমতাজ বেগম গণমাধ্যমকে বলেন, ‘কৃত্রিম সংকট সৃষ্টি করে কোনো পণ্যের দাম যেন ব্যবসায়ীরা না বাড়াতে পারেন, সেজন্য আমাদের দপ্তরের পক্ষ থেকে দায়িত্বপূর্ণ এলাকায় নিয়মিত অভিযান চালানো হচ্ছে।’