• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৫২ অপরাহ্ন

আশুলিয়ায় ৮০ কারখানায় ছুটি ঘোষণা

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: শনিবার, ২১ নভেম্বর, ২০২৬

সাভারের আশুলিয়ায় অন্তত ৮০টি তৈরি পোশাক কারখানায় শ্রমিকরা কার্ড পাঞ্চ (হাজিরা) করেও উৎপাদন কাজে অংশ নেননি। পরে ওই কারখানাগুলোতে সাধারণ ছুটি ঘোষণা করেছে কর্তৃপক্ষ।

এ ছাড়া ন্যূনতম মজুরির দাবিতে শ্রমিকরা জড়ো হয়ে আন্দোলনের চেষ্টা করলে টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দিয়েছে পুলিশ।

শনিবার (২১ নভেম্বর) সকালে আশুলিয়ার নিশ্চিতপুর, নরসিংহপুর ও কাঠগড়া এলাকায় এসব ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, সকালে আশুলিয়ার নরসিংহপুর এলাকার হা-মীম ও শারমিন গ্রুপের কারখানায় শ্রমিকদের সকাল ৮টার পরিবর্তে ৭টায় কাজে উপস্থিত হতে বলা হয়। সময় পরিবর্তনের প্রতিবাদে শ্রমিকরা কারখানায় প্রবেশ করে হাজিরা দিয়েই বেরিয়ে আসেন। এর জের ধরে এবং চলমান ন্যূনতম মজুরি বৃদ্ধির আন্দোলনের অংশ হিসেবে আশপাশের আরও বেশ কয়েকটি কারখানার শ্রমিকরা কর্মবিরতি শুরু করলে কর্তৃপক্ষ সাধারণ ছুটি ঘোষণা করে।

এদিন সকালে আশুলিয়ার কাঠগড়া এলাকায় পোশাক শ্রমিকরা জড়ো হয়ে বিক্ষোভ ও আন্দোলনের চেষ্টা চালান। এ সময় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করলে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান। তবে সাভার ও আশুলিয়ার অধিকাংশ কারখানায় শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগ দিয়েছেন বলে জানা গেছে।

আশুলিয়া শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার (এসপি) মোমিনুল ইসলাম ভূঁইয়া জানান, অধিকাংশ পোশাক কারখানায় স্বাভাবিক ও শান্তিপূর্ণভাবে উৎপাদন কাজ চলছে। তবে কাঠগড়া এলাকায় শ্রমিকরা আন্দোলনের চেষ্টা করলে তাদের ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, মোট ৮০টি কারখানায় সাধারণ ছুটি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ শ্রম আইনের ১৩ (১) ধারায় (কাজ নেই, বেতন নেই ভিত্তিতে) ১১টি পোশাক কারখানা বন্ধ রাখা হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০