আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে পতিত ফ্যাসিবাদের প্রধান ও তার প্রধান সহযোগী সম্পর্কে ঘোষিত রায়ের প্রতিক্রিয়ায় ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, এই রায়ে ন্যায়বিচার প্রতিফলিত হয়েছে। মজলুম জনতার প্রত্যাশা পূরণ হয়েছে। এই রায় আমাদের রাজনৈতিক ইতিহাসের মাইলফলক হয়ে থাকবে। রাষ্ট্রকে ব্যবহার করে জনতার ওপরে দমন-পীড়নের বিরুদ্ধে এই রায় দৃষ্টান্ত হয়ে থাকবে।
আজ (১৭ ডিসেম্বর সোমবার) শেখ হাসিনার ফাঁসির রায় ঘোষণা পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তিনি এসব মন্তব্য করেন।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব বলেন, পতিত ফ্যাসিবাদ অনেক বিস্তৃত অপরাধচক্র গড়ে তুলেছিলো। সেই চক্রের প্রধান সম্পর্কে একটি মামলার রায় হলো। পর্যায়ক্রমে সকল অপরাধীকেই শাস্তির আওতায় আনতে হবে। এই বিচার প্রক্রিয়ার সাথে যারা সম্পৃক্ত ছিলেন তাদের সবাইকে ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি। শহীদ পরিবার ও আহতদের প্রতি আমাদের সন্মান ও সববেদনা আবারও ব্যক্ত করছি।
অধ্যক্ষ ইউনুস আহমদ বলেন, আইন তার নিজস্ব গতিতে কাজ করবে বলেই আমরা প্রত্যাশা করি। আইনের নিজস্ব গতি ও ধারাতেই সকল অপরাধের বিচার হবে ইনশাআল্লাহ। আমরা সরকারের কাছে আহ্বান করবো, রায় ঘোষিত হওয়ার পরে এখন আবশ্যকিয় সকল আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুততার সঙ্গে রায় বাস্তবায়ন করার ব্যবস্থা নিতে হবে।
তিনি আরও বলেন, আজকের দিন আমাদের জন্য আনন্দের দিন। এই দিনে আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করবো। দেশবাসী কাউকে কোন ধরণের সন্ত্রাসী কর্মকাণ্ড করতেও দেবে না এবং আইন হাতে তুলে নেওয়ার মতো কোন কাজ কেউ করবো না। আল্লাহ তায়ালা বাংলাদেশকে শান্তিময় করে তুলুন।
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় প্রচার সম্পাদক শেখ ফজলুল করীম মারুফ স্বাক্ষরিত এক বার্তায় মহাসচিবের এ প্রতিক্রিয়া জানানো হয়।