• বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০১:০৬ অপরাহ্ন

এলপিজি আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করল বাংলাদেশ ব্যাংক

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: সোমবার, ১২ জানুয়ারী, ২০২৬

দেশে চলমান গ্যাস সংকটের মধ্যে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস (এলপিজি) আমদানিকারকদের জন্য ঋণ সুবিধা সহজ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে এলপিজি আমদানিতে সরবরাহকারী বা ক্রেতার ঋণ (সাপ্লায়ার্স বা বায়ার্স ক্রেডিট) সুবিধা পাওয়া যাবে।

সোমবার (১২ জানুয়ারি) কেন্দ্রীয় ব্যাংক এক প্রজ্ঞাপনে এ তথ্য জানিয়েছে। ব্যাংকের ব্যাখ্যা অনুযায়ী, এলপিজি বাল্ক আকারে আমদানি করা হয়, পরে সিলিন্ডারে ভরে বাজারজাত করা হয়। এই প্রক্রিয়ায় মজুত, সিলিন্ডারজাতকরণ এবং অন্যান্য কার্যক্রমে সময় লাগে। তাই এলপিজিকে বাণিজ্যিক ঋণের ক্ষেত্রে শিল্প কাঁচামাল হিসেবে গণ্য করা হয়েছে।

বিদ্যমান বৈদেশিক মুদ্রা বিনিময় বিধিমালা অনুযায়ী, শিল্প কাঁচামাল আমদানির ক্ষেত্রে সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত সরবরাহকারী বা ক্রেতার ঋণ সুবিধা নেওয়া সম্ভব। কেন্দ্রীয় ব্যাংক ব্যাংকগুলোকে নির্দেশ দিয়েছে, তারা বিদেশি ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান থেকে বায়ার্স ক্রেডিটের ব্যবস্থা করবে। এছাড়া অফশোর ব্যাংকিং ইউনিটের মাধ্যমে বিল ডিসকাউন্টিং সুবিধাও ব্যবহার করা যাবে।

এই সিদ্ধান্তের ফলে এলপিজি আমদানিকারকেরা দীর্ঘ মেয়াদে ঋণ নিয়ে আমদানি চালাতে পারবেন, যা সরবরাহে ধারাবাহিকতা বজায় রাখতে সাহায্য করবে। দেশজুড়ে সিলিন্ডারের দাম বর্তমানে ৩৫০ থেকে ৯০০ টাকা পর্যন্ত উঠেছে, যার কারণে বাসাবাড়ি, হোটেল ও রেস্তোরাঁতে রান্নাবান্নায় সমস্যা তৈরি হয়েছে।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার