ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে পর্যবেক্ষক নিয়োগ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক মোহাম্মদ আশরাফুল আলম-কে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ধারা ৪৯(১)(ঘ)(আ) অনুযায়ী প্রদত্ত ক্ষমতাবলে নিয়োগ দেওয়া হয়।
বুধবার (১০জুন) বাংলাদেশ ব্যাংক এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায়।
কেন্দ্রীয় ব্যাংক জানায়, এ নিয়োগের মাধ্যমে ব্যাংকটির সার্বিক কার্যক্রম নিবিড়ভাবে পর্যবেক্ষণ, ব্যাংকের স্বার্থ সংরক্ষণ, আমানতকারীদের স্বার্থ রক্ষা এবং বৃহত্তর জনস্বার্থ নিশ্চিত করার লক্ষ্য নেওয়া হয়েছে। পর্যবেক্ষক হিসেবে তিনি ব্যাংকের পরিচালনা পর্ষদের সভাসহ প্রাসঙ্গিক কার্যক্রমে অংশ নেবেন এবং নিয়মিতভাবে ব্যাংকের কার্যক্রম সম্পর্কে বাংলাদেশ ব্যাংককে তথ্য ও পর্যবেক্ষণ প্রদান করবেন।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, দেশের ব্যাংকিং খাতের স্থিতিশীলতা, সুশাসন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে। এ উদ্যোগ ইসলামী ব্যাংকের কার্যক্রমে আস্থা ও শৃঙ্খলা আরও সুদৃঢ় করবে বলে আশা করা হচ্ছে।
ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-তে এই পর্যবেক্ষক নিয়োগ ব্যাংকিং খাতে নজরদারি ও নিয়ন্ত্রণ ব্যবস্থাকে আরও শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে