• রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী বেড়েছে ১ কোটি ৩৮ লাখ

Avatar photo
ইকোনমি বিডি
আপডেট: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬

দেশের ব্যাংকগুলোতে অ্যাপভিত্তিক ইন্টারনেট ব্যাংকিংয়ের ব্যবহার দ্রুত বাড়ছে। গত জুলাই শেষে ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী গ্রাহকের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৯ লাখ ৭৫ হাজারের বেশি। এক বছর আগে গত আগস্টে এ সংখ্যা ছিল ৭১ লাখ ৬৬ হাজারের মতো। অর্থাৎ এক বছরের ব্যবধানে অ্যাপ ব্যবহারকারী বেড়েছে প্রায় ১ কোটি ৩৮ লাখ বা প্রায় তিন গুণ। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী, গত বছরের নভেম্বরেও ব্যাংকিং অ্যাপ ব্যবহারকারী ছিল ৮৫ লাখ ৭২ হাজার। ডিসেম্বরেই তা লাফিয়ে ১ কোটি ৪৯ লাখ ছাড়িয়ে যায়। এরপর ধারাবাহিকভাবে বেড়ে জুলাইতে ২ কোটি ৯ লাখ ৭৫ হাজারে পৌঁছায়। এর মধ্যে পুরুষ ব্যবহারকারী ১ কোটি ৬৭ লাখ ৭২ হাজার এবং নারী ৩৮ লাখের বেশি।

সংশ্লিষ্টরা বলছেন, অ্যাপ ব্যবহারকারী বাড়ার পেছনে বাংলা কিউআরের প্রসার বড় ভূমিকা রাখছে। ২০২৩ সালে আন্তঃব্যাংক কোডভিত্তিক লেনদেনের জন্য বাংলা কিউআর চালু করে বাংলাদেশ ব্যাংক। চলতি বছরের ১ জুলাই থেকে সব প্রতিষ্ঠানের কোডভিত্তিক লেনদেন বাংলা কিউআরের মাধ্যমে করার নির্দেশনা দেওয়া হয়।

এছাড়া বাংলা কিউআরের মাধ্যমে লেনদেনের অর্থ দ্রুত ব্যবসায়ীদের হিসাবে জমা দেওয়ার ব্যবস্থা এবং যে কোনো ব্যাংক বা এমএফএস অ্যাপ দিয়ে কিউআর পরিশোধের সুযোগ থাকায় অ্যাপের ব্যবহার বাড়ছে।

বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক আরিফ হোসেন খান বলেন, একসময় অ্যাপভিত্তিক লেনদেনকে মূলত এমএফএসের সঙ্গে সম্পর্কিত মনে করা হতো। বাংলা কিউআর চালুর পর ব্যাংক ও এমএফএসসহ সব প্রতিষ্ঠানই এর গুরুত্ব বুঝতে শুরু করেছে। যেসব ব্যাংকের অ্যাপ ছিল না, তাদেরও এ ব্যবস্থায় যুক্ত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। ফলে অ্যাপ ব্যবহারকারী ও লেনদেন দুটিই বাড়ছে।

এদিকে অ্যাপের পাশাপাশি ব্রাউজারভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারীও রয়েছেন। তবে এ ধরনের গ্রাহক কমছে। গত জুলাই শেষে ব্রাউজারভিত্তিক ইন্টারনেট ব্যাংকিং ব্যবহারকারী ছিল ২৪ লাখ ৮৯ হাজার। অ্যাপ ও ব্রাউজার মিলিয়ে মোট ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক দাঁড়িয়েছে ২ কোটি ৩৪ লাখ ৬৪ হাজারের বেশি। গত বছরের আগস্টে মোট এ সংখ্যা ছিল ১ কোটি ১৯ লাখ ৬৭ হাজার।

অ্যাপভিত্তিক লেনদেনও উল্লেখযোগ্য হারে বেড়েছে। গত জুলাইয়ে ব্যাংকিং অ্যাপের মাধ্যমে ১ লাখ ৭৪ হাজার ১২৯ কোটি টাকার লেনদেন হয়েছে। গত বছরের আগস্টে এর পরিমাণ ছিল ১ লাখ ১২ হাজার ৩০৪ কোটি টাকা। আর একক মাস হিসেবে সর্বোচ্চ লেনদেন হয়েছে গত জুনে, ১ লাখ ৮৪ হাজার ৩৪৯ কোটি টাকা। ওই মাসে কোরবানির ঈদ থাকায় লেনদেন বেশি হয়েছে বলে সংশ্লিষ্টরা জানান।


আরও

আর্কাইভ ক্যালেন্ডার

শনি রবি সোম মঙ্গল বুধ বৃহ শুক্র
 ১২
৩৪৫৬৭৮৯
১০১১১২১৩১৪১৫১৬
১৭১৮১৯২০২১২২২৩
২৪২৫২৬২৭২৮২৯৩০
৩১